কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) -এর উদ্যোগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত ১০ দিনব্যাপী ব্যতিক্রমধর্মী ওরিয়েন্টেশন, একাডেমিক গাইডলাইন, কাউন্সেলিং ও মোটিভেশন কর্মসূচির সপ্তম দিনে অংশ নেয় ব্যবস্থাপনা শিক্ষা ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক ড. জি. এম. আজমল আলী কাওসার, মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মেহের নিগার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নাহিদা বেগম।
অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, অধ্যাপক ড. মো. মঈনুল হাছান এবং এআইএস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

পাঁচটি সেশনে বিভক্ত এ আয়োজনের বিষয়বস্তু ছিল বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও নিয়মকানুন, ওবিইসম্মত একাডেমিক প্রোগ্রামের কাঠামো, শিক্ষার্থীদের নৈতিকতা ও দায়িত্ববোধ, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস এবং এআই যুগে কর্মসংস্থানযোগ্য ও উদ্ভাবনী গ্র্যাজুয়েট তৈরির দিকনির্দেশনা।
প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন শুধু ডিগ্রি অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি নিজেকে আবিষ্কার, দক্ষতা উন্নয়ন এবং নেতৃত্ব শেখার অন্যতম ক্ষেত্র। ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো বিশ্ববিদ্যালয় জীবন।”
তিনি আরও বলেন, “একজন সফল মার্কেটার কেবল পণ্য বিক্রি করেন না; তিনি মানুষের চাহিদা বোঝেন এবং সম্পর্ক তৈরির মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখেন। একইভাবে একজন দক্ষ ম্যানেজার শুধু অফিস পরিচালনা করেন না; তিনি দল গঠন করেন এবং কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আপনারা একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার গৌরব অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয় জীবনে বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন হতে হবে। একই সঙ্গে মাদকের মতো মারাত্মক ব্যাধি থেকে দূরে থাকতে হবে।”
সভাপতির বক্তব্যে আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, “আইকিউএসি’র প্রধান কাজ হলো মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। আমরা চাই শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় দক্ষ হয়ে উঠুক। পাশাপাশি ডিজিটাল লিটারেসি, আইটি-ভিত্তিক সক্ষমতা, নেতৃত্ব, ব্যবস্থাপনা ও উদ্যোক্তা হওয়ার দক্ষতা অর্জন করুক।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মানসিক ও একাডেমিক সহায়তা নিশ্চিত করতে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সেলিং ব্যবস্থা চালুর পরিকল্পনা করছি।”
উল্লেখ্য, গত ৩ মে থেকে শুরু হওয়া এ ১০ দিনব্যাপী একাডেমিক ওরিয়েন্টেশন কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে চলমান রয়েছে।









