ঢাকা | মঙ্গলবার, ১২ মে ২০২৬,২৯ বৈশাখ ১৪৩৩

বিশ্ববিদ্যালয় কোয়ান্টিটিতে এগিয়েছি, কোয়ালিটিতে কতটুুকু জানি না: শিক্ষামন্ত্রী

দেশে বর্তমানে শতাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা কোয়ান্টিটিতে অনেক এগিয়ে গেছি। কোয়ালিটিতে কতটুুকু পেরেছি, আমরা জানি না।

মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ কর্মশালায় তিনি এ কথা বলেন।

কর্মশালার উদ্বোধন করতে প্রধান অতিথি হিসেবে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কর্মশালার বিস্তারিত তুলে ধরেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

নতুন কারিকুলাম ও আউট লার্নি নিয়ে কাজ করছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগে বিদেশ থেকে শিক্ষকরা এসে পড়াতেন, শিক্ষার্থীরা আসতেন। এখন কিন্তু সে পর্যায়ে নেই। এখন দেশে ১১৬টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। ওপেন ইউনিভার্সিটি রয়েছে। সেই শিক্ষাব্যবস্থা আবারও ঢেলে সাজাতে হবে।

পাবলিক ইউনিভার্সিটি বেড়ে ৫৭টিতে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা কোয়ান্টিটিতে অনেক এগিয়ে গেছি। কোয়ালিটিতে কতটুুকু পেরেছি, আমরা জানি না। তাই নীড বেসিস এডুকেশন নিয়ে ভাবতে হবে।