বঙ্গোপসাগরে নিজেদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৬ এর পরীক্ষা চালিয়েছে ভারত। যার ফলে হঠাৎ করে বাংলাদেশের কক্সবাজার সমুদ্রসৈকতের আকাশে দেখা দেয় রহস্যময় আলো। এর স্থায়িত্ব ছিল মাত্র ১ মিনিটের মতো।
শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টায় সৈকতের লাবনী পয়েন্টের বালিয়াড়ি থেকে ওই আলো দেখতে পান পর্যটকসহ স্থানীয় দর্শনার্থীরা। বিষয়টি ব্যাপক কৌতূহলের জন্ম দেয়।
এর আগে গত ভারত ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করেছে। এ বিষয়ে তারা ‘নোটিশ টু এয়ারম্যান (নোটাম)’ জারি করেছে। গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানায় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস।
বিধিনিষেধটি ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে ৩ হাজার ৫০০ কিলোমিটার অঞ্চলজুড়ে প্রযোজ্য হবে। এই দ্বীপ থেকে গুরুত্বপূর্ণ মিসাইলের পরীক্ষা চালায় নয়াদিল্লি।

আর এমন নোটিশ জারির পর ধারণা করা হচ্ছে, ভারত তাদের ১০ হাজার কিলোমিটার দূরত্বের অগ্নি-৬ আন্তঃদেশীয় মিসাইল পরীক্ষা চালাতে পারে।
এই সম্ভাব্য পরীক্ষার বিষয়ে কয়েকদিন আগে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) চেয়ারম্যান সমির ভি কামাথ জানান, তারা তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৬ এর পরীক্ষা চালানোর জন্য প্রস্তুত।






