শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, কারিকুলাম নিয়ে কাজ করার জন্য বলেছি। মন্ত্রণালয় কাজ করছে। কারিকুলাম পরিবর্তন করতেই হবে, এর কোনো বিকল্প নেই। মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষা নিয়ে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ কিছু কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। মানিকগঞ্জ সিঙ্গাইরের একটি কেন্দ্রে খাতা দেখাদেখি করেছে দু-একজন। পরে সতর্ক করা হয়েছে। একটি কেন্দ্রে বাজারে হওয়ায় জটলা বেশি এবং মব হওয়ার শঙ্কা ছিল। কিন্তু অভিভাবকরা সহনশীল, তাই ঝুঁকি নেই।
তিনি জানান, সিসিটিভি ফুটেজ আর্কাইভ করার নির্দেশনা দেয়া হয়েছে। পরে কোনো অভিযোগ এলে সিসিটিভি ফুটেজ যাচাই করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ট্রাফিকের কারণে হলে পৌঁছাতে দেরি হলে শিক্ষকরা সেটি সহযোগিতা করবে।
কিছু প্রবেশপত্র না পাওয়া নিয়ে তিনি বলেন, কিছু কিছু জায়াগায় প্রিন্টআউট ছিল না, কিছু জায়গায় বিদ্যুৎ না থাকায় ডাউনলোড করা যায়নি বলে শুনেছি। কিন্তু পরে প্রবেশপত্র পৌঁছে দেয়া হয়েছে।





