ঢাকা | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে মানবিক সহায়তা পাঠাল আজারবাইজান

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েল যুদ্ধের মধ্যে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তেহরানে মানবিক সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায়  আটা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য মানবিক পণ্য দেশটি থেকে ইরানে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) আজারবাইজানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিএ’র বরাতে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ‘আজারবাইজানের জরুরি অবস্থা মন্ত্রণালয়ের গাড়িতে ইরানে পাঠানো মানবিক সহায়তার মধ্যে রয়েছে ১০ টন আটা, ৬ টন চাল, ২.৪ টন চিনি, ৪ টনেরও বেশি পানি, প্রায় ৬০০ কেজি চা এবং প্রায় ২ টন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম।’

সম্প্রতি ড্রোন হামলার ফলে আজারবাইজান ও ইরানের মধ্যে আন্তঃসীমান্ত যান চলাচলে কিছুক্ষণের জন্য ব্যাঘাত ঘটলেও এই সহায়তা সরবরাহ করা হয়। আজারবাইজান সোমবার জানায় যে তারা ইরানের সাথে সমস্ত পণ্য পরিবহনের জন্য সীমান্ত পুনরায় খুলে দিয়েছে।

ইরানকে তার মিত্র রাশিয়ার সাথে সংযুক্তকারী সংক্ষিপ্ততম স্থলপথগুলোর মধ্যে একমাত্র রুট হলো আজারবাইজান। কিন্তু বাকু নাখচিভান এক্সক্লেভে ইরানি ড্রোন হামলার অভিযোগে ক্রসিংগুলো গত সপ্তাহে বন্ধ করে দেয়া হয়েছিল। আজারবাইজানি কর্তৃপক্ষ জানিয়েছিল, গত বৃহস্পতিবার নাখচিভান এক্সক্লেভে চারটি ড্রোন তাদের সীমান্ত অতিক্রম করেছে এবং এর ফলে চারজন আহতও হয়েছে।

পরে রোববার রাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ইলহাম আলিয়েভকে ফোন করে জানান, আজারবাইজানে ড্রোন অনুপ্রবেশের জন্য তেহরান দায়ী নয়। এ জন্য তদন্তের প্রতিশ্রুতিও দেন তিনি।