মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে এবার ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল বিমানবন্দরের কাছে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে এই হামলার চেষ্টা করা হয়।
একই সময়ে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকা আরেকটি মার্কিন ঘাঁটির দিকেও ড্রোন ও রকেট এগিয়ে এলে সেগুলো প্রতিহত করে ইরাকি প্রতিরক্ষা ব্যবস্থা।
সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, ইরান ইরাকের এরবিল বিমানবন্দরের কাছে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে বলে নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত এরবিলে থাকা মার্কিন স্থাপনাগুলো সংঘাত শুরু হওয়ার পর থেকেই প্রায়ই তেহরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার মুখে পড়ছে।
এর আগে একই রাতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অবস্থিত মার্কিন পরিচালিত সামরিক কমপ্লেক্স ভিক্টোরিয়া বেসের দিকে আসা রকেট ও ড্রোন ইরাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে।
বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকা যুক্তরাষ্ট্রের পরিচালিত সামরিক কমপ্লেক্স ভিক্টোরিয়া বেসের দিকে এগিয়ে আসা একটি ড্রোন ইরাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।
এই ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হামলার পেছনে কারা জড়িত ছিল, সেটিও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে সারায়া আওলিয়া আল-দামের মতো ইরানপন্থি ইরাকি মিলিশিয়া গোষ্ঠীগুলো এই ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল।






