ঢাকা | শনিবার, ২১ নভেম্বর ২০২৬,৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিব আর ইবলিশরে একসাথে রিলেট করেন: সালাউদ্দিন আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার শেখ মুজিবুর রহমানকে ইবলিশের সঙ্গে তুলনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন, যা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, “মুজিব আর ইবলিশরে একসাথে রিলেট করেন।” পরে তিনি ইসলামি বর্ণনার উদাহরণ দিয়ে বলেন, ইবলিশ দীর্ঘদিন আল্লাহর ইবাদত করে ফেরেশতাদের সর্দার হয়েছিল। কিন্তু আদম (আ.)-কে সিজদা করতে অস্বীকৃতি জানালে আল্লাহ তার পূর্বের সব আমল ধুলিসাৎ করে দেন এবং তাকে ইবলিশে পরিণত করেন।

পোস্টে তিনি আরও লিখেছেন, শেখ মুজিবুর রহমান সংগ্রামী নেতা ছিলেন এবং দীর্ঘ আন্দোলনের পর ক্ষমতায় এসেছিলেন। তবে পরে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে তিনি “প্রথম স্বৈরাচার” হয়ে উঠেছিলেন বলে মন্তব্য করেন।

সবশেষে তিনি লেখেন, “যেখানে আল্লাহ ফেরেশতাদের সর্দার থেকে ইবলিশ বানিয়ে দেন, সেখানে মুজিবকে নিয়ে মায়াকান্না দেখানো মানুষগুলো কি তাহলে এটাই ভাবে একটা সিজদা নাহয় দেয়নি, ইবলিশকে ফেরেশতাদের সর্দারের সম্মান ফিরিয়ে দেওয়া হোক?”

পোস্টের শেষদিকে তিনি “মুজিবলিশ” শব্দটি ব্যবহার করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।