ঢাকা | শনিবার, ২১ নভেম্বর ২০২৬,৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় দশক পর ফের সরাসরি পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ বিমান

দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে আনুষ্ঠানিকভাবে এই নন-স্টপ ফ্লাইটের উদ্বোধন হবে। এতে করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ নতুন করে শুরু হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, উদ্বোধনী ফ্লাইটটির ১৬২টি আসনের সবকটি টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, প্রথম ফ্লাইটে একটি আসনও ফাঁকা নেই। এমনকি দ্বিতীয় ফ্লাইটেরও ৮০ শতাংশের বেশি টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে, যা যাত্রীদের আগ্রহেরই প্রতিফলন।

নতুন সূচি অনুযায়ী, ঢাকা থেকে ফ্লাইটটি রাত ৮টায় উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় রাত ১১টায় করাচি পৌঁছাবে। করাচি থেকে একই ফ্লাইট রাত ১২টায় যাত্রা শুরু করে পরদিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

এই রুটে ১৬২ আসনের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে। প্রায় ১ হাজার ৪৭১ মাইল পথ অতিক্রম করতে সময় লাগবে আনুমানিক তিন ঘণ্টা। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীদের আর কোনো ট্রানজিটের প্রয়োজন হবে না, ফলে যাতায়াতের সময় যেমন কমবে, তেমনি রাউন্ড ট্রিপে খরচ কমবে সর্বনিম্ন ৩০ হাজার টাকা পর্যন্ত।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, প্রাথমিকভাবে পরীক্ষামূলক ভিত্তিতে ২০২৬ সালের ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। এই সময়ের পারফরম্যান্স, যাত্রীসংখ্যা ও বাণিজ্যিক সম্ভাবনা মূল্যায়নের পর নিয়মিত ফ্লাইট চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। শুরুতে সপ্তাহে দু’দিন বৃহস্পতিবার ও শনিবার ঢাকা-করাচি-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

এর আগে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি (পিসিএএ) ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন দেয়। একই সঙ্গে নির্ধারিত করিডর ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের প্রয়োজনীয় ছাড়পত্রও প্রদান করা হয়।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ২০১২ সালে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছিল। দীর্ঘ এক যুগ পর আবারও এই রুটে ফ্লাইট চালু হওয়ায় ব্যবসায়ী, প্রবাসী ও ভ্রমণকারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।