ঢাকা | রবিবার, ২২ নভেম্বর ২০২৬,৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইইএলটিএসে পরীক্ষায় ভুল স্কোর পেয়েছে ৮০ হাজার পরীক্ষার্থী

ব্রিটিশ কাউন্সিলের পরিচালিত আন্তর্জাতিক ইংরেজি দক্ষতা পরীক্ষায় (আইইএলটিএস) এ ভয়াবহ ভুল নম্বর দেয়ার ঘটনা প্রকাশ পেয়েছে। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ৮০ হাজার পরীক্ষার্থীকে ভুল ফলাফল প্রদান করা হয়েছে। এর ফলে হাজারো শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও অভিবাসী ইংরেজি পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও ভিসা পেয়েছেন।

আইইএলটিএস কর্তৃপক্ষ জানিয়েছে, লিসেনিং এবং রিডিং পরীক্ষার কিছু অংশে একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ভুল স্কোর তৈরি হয়েছিল। যদিও সংস্থাটি দাবি করছে, মোট পরীক্ষার মাত্র ১ শতাংশ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও সংখ্যা হিসেবে তা দাঁড়ায় প্রায় ৭৮,০০০ পরীক্ষা।

ব্রিটিশ সংবাদপত্র টেলিগ্রাফ প্রতিবেদন অনুযায়ী, কেউ কেউ ফেল করেও পাস মার্ক পেয়েছেন, আবার অনেকের নম্বর প্রয়োজনের তুলনায় কম এসেছে। ভুলটি দীর্ঘ সময় ধরে ধরে না পড়ায় অনেকে ইতোমধ্যেই অনেকেই ভুম স্কোর দিয়ে স্টুডেন্ট ভিসা, কাজের ভিসা এমনকি ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের চাকরির অনুমতি পেয়েছেন।

প্রতি বছর, বিশ্বব্যাপী প্রায় ৩৬ লাখ মানুষ আইইএলটিএস পরীক্ষায় অংশ নেয়। এই পরীক্ষা যৌথভাবে পরিচালনা করে ব্রিটিশ কাউন্সিল, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট, এবং শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান আইডিপি। এই ভুল মার্কিংয়ের পাশাপাশি আরও উদ্বেগজনক বিষয় হচ্ছে বিভিন্ন দেশে আইইএলটিএস পরীক্ষায় প্রশ্নফাঁস ও জালিয়াতি চক্র সক্রিয়। বাংলাদেশে, পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে যারা ২ থেকে ৪ লাখ টাকার বিনিময়ে আগাম প্রশ্নপত্র বিক্রি করছিল। ভিয়েতনামে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শেষ মুহূর্তে পুরো পরীক্ষাই বাতিল করে ব্যাক-আপ ভার্শন নেয়া হয়, কারণ প্রশ্নফাঁস হওয়ার সন্দেহ পাওয়া গিয়েছিল। চীনেও প্রশ্নপত্র পাচার ও জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে কিছু যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে শিক্ষার্থী ভর্তি সাময়িকভাবে স্থগিত করেছে। ব্রিটিশ বিশেষজ্ঞদের মতে, ইংরেজিতে দুর্বলতা থাকা সত্ত্বেও বিদেশি কর্মীদের নিয়োগ রোগীর নিরাপত্তার জন্য বিপজ্জনক। একজন কেয়ার ওয়ার্কারের ক্ষেত্রে দেখা গেছে, তিনি কখনও আনুষ্ঠানিক ইংরেজি পরীক্ষা দেননি যার কারণে তিনি যোগাযোগ করতে পারেন না। এর ফলে জরুরি ফোনকলে ভুল বোঝাবুঝির কারণে এক রোগীর মৃত্যু ঘটে।

যুক্তরাষ্ট্রের কনজারভেটিভ পার্টির শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলিপ বলেছেন, যারা ভুল ফলাফলের ভিত্তিতে ভিসা পেয়েছে, তাদের অবশ্যই বাতিল বা প্রত্যাহার করতে হবে। এত মানুষ ইংরেজি ভালোভাবে না জানলে তারা সমাজে একীভূত হতে পারে না এটা একটি ভয়াবহ ব্যর্থতা।

টেলিগ্রাফে আইইএলটিএসসে একজন মুখপাত্র বলেছেন, আইইএলটিএস সম্প্রতি এমন একটি সমস্যার সন্ধান পেয়েছে, যার কারণে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে বিশ্বজুড়ে অল্পসংখ্যক পরীক্ষার্থী ভুল ফলাফল পেয়েছিলেন। এই সময়ের মোট পরীক্ষার ৯৯ শতাংশই এ সমস্যার বাইরে ছিল, এবং বর্তমানে নেয়া আইইএলটিএস পরীক্ষায় এমন কোনও সমস্যা নেই।

তিনি আরও বলেন, আমরা ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে তাদের হালনাগাদ ফল প্রদান করেছি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি। আমরা সংশ্লিষ্ট সকল অংশীদার ও কর্তৃপক্ষের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করছি। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।

ব্রিটিশ কাউন্সিল ইতোমধ্যেই কোভিডকালে নেয়া ১৯৭ মিলিয়ন পাউন্ড সরকারি ঋণের বোঝায় জর্জরিত। ভুল স্কোরিংয়ের কারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হলে তাদের আর্থিক সংকট আরও বাড়তে পারে। এদিকে ব্রিটিশ হোম অফিস ইংরেজি দক্ষতা পরীক্ষার জন্য ৮১৬ মিলিয়ন পাউন্ড মূল্যের নতুন পাঁচ বছরের চুক্তি করার কথা ভাবছে। এই চুক্তির জন্য ব্রিটিশ কাউন্সিলকে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।