দেশের সব সরকারি স্কুল এবং মহানগর ও জেলা উপজেলা সদরের বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির আবেদন চলছে। স্কুলে ভর্তি আবেদন চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। লটারির সময় নির্ধারণ করা হয়েছে ১১ ডিসেম্বর।
রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, https://.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে ৫ ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত। আগেরবার অনলাইনে আবেদন ফি ১১০ টাকা থাকলেও এবার তা ১০টাকা কমানো হয়েছে। এরপর ১৭ থেকে ২১ ডিসেম্বর ভর্তি চলবে।
এবারও ভর্তির ক্ষেত্রে দুইটি অপেক্ষমান তালিকা ও ওয়েটিং লিস্ট থাকবে। ভর্তি কমিটি বলছে, ২২ থেকে ২৪ ডিসেম্বর প্রথম ওয়েটিং লিস্ট থেকে এবং ২৭ থেকে ৩০ ডিসেম্বর দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।
স্কুলগুলোতে ভর্তি হতে আলাদা আলাদা আবেদন করতে হবে শিক্ষার্থীদের। অনলাইনে আবেদনে পাঁচটি স্কুল পছন্দক্রমে দিতে পারবেন। ডাবল শিফটের স্কুলে উভয় শিফট পছন্দ হিসাবে দিলে দুইটি পছন্দক্রম গণ্য হবে।
মাউশি অধিদপ্তর সূত্র জানিয়েছে, ২১ নভেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে। মোবাইল অপারেটর টেলিটকের সহায়তায় ডিজিটাল পদ্ধতিতে হবে এই লটারি।
প্রতিবারই বছরের শেষ সময়ে এসে পরবর্তী বছরের ভর্তির প্রক্রিয়া চলে। ভর্তি শেষে জানুয়ারিতে ক্লাস শুরু হয়। এক সময় কেবল প্রথম শ্রেণিতে ভর্তির কাজটি হতো লটারির মাধ্যমে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এরপর থেকে লটারিতে শিক্ষার্থী ভর্তির কাজ চলছে।






