ঢাকা | সোমবার, ৩১ আগস্ট ২০২৬,১৬ ভাদ্র ১৪৩৩

পুলিশের ব্যারিকেডে আটকা এমপিওভুক্ত শিক্ষকদের ভুখা মিছিল

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, মেডিক্যাল ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের ভুখা মিছিল পুলিশের বাধায় আটকে গেছে। মিছিল নিয়ে শিক্ষকরা কিছুদূর যাওয়ার পর পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়।এ সময় শিক্ষকরা সেখানে অবস্থান নেন।

এর আগে রোববার (১৯ অক্টোবর) বিকেলে শহীদ মিনার থেকে শিক্ষা ভবন অভিমুখে তারা এ মিছিল শুরু করেন। এসময় শিক্ষকদের অনেকের হাতে থালা ও প্লেট দেখা গেছে।

আজ রোববার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয় এমপিওভুক্ত শিক্ষকদের। ফখরুল ইসলাম আলমগীর শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তিনি বলেন, খুব শিগগিরই বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিদল আন্দোলনস্থলে পাঠানো হবে।

বৈঠক শেষে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, বিএনপি মহাসচিব আমাদের বলেছেন দুই এক দিনের মধ্যে বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল আমাদের আন্দোলনস্থল কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন। বক্তব্য দেবেন। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের জাতীয়করণের দাবি পূরণ করা হবে বলে মহাসচিব শিক্ষকদের আশ্বাস দিয়েছেন।

আজিজী বলেন, অর্থ উপদেষ্টা দেশে আসার আগ পর্যন্ত আমরা শহীদ মিনারে অবস্থান করবো। বিএনপি মহাসচিব কথা দিয়েছেন ওনার জায়গা থেকে যতোটুকু সম্ভব আমাদের সহযোগিতা করবেন। আমরা যমুনা অভিমুখে পদযাত্রা স্থগিত করেছি।
দৈনিক শিক্ষাডটকমের এক প্রশ্নের জবাবে আজিজী আরো বলেন, আমরা বিশ্বাস করি বিএনপির আশ্বাস অবশ্যই বাস্তবায়ন করা হবে। ওনাদের প্রতি আমাদের আস্থা আছে। অন্যান্য রানৈতিক দলগুলো আগেই আমাদের সঙ্গে আছে। এখন যেহেতু বিএনপিও আমাদের সঙ্গে আছে আমরা আশাবাদী। বিএনপি মহাসচিব বলেছেন, আপনারা যেকোনো সময় আমার কাছে আসবেন।

আজিজী বলেন, বিএনপি মহাসচিব আমাদের বলেছেন শান্তিপূর্ণভাবে আপনারা আন্দোলন করেন। ওনাকে আমরা কথা দিয়েছি অর্থ উপদেষ্টা আসার আগ পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন করবো।

এদিকে পাঁচ শতাংশ বাড়িভাড়া দেওয়ার প্রজ্ঞাপন প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।

বাড়িভাড়া ২০ শতাংশ, মেডিক্যাল ভাতা ১ হাজার ৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন শিক্ষকরা।

এর আগে গত রোববার (১২ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনার পর সোমবার (১৩ অক্টোবর) থেকে সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা। তবে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ৫ শতাংশ বাড়ি ভাড়া বাড়ানোর কথা জানানো হলেও শিক্ষকরা এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন।

শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বাড়ানোর প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত কর্মসূচি আরও জোরদার করা হবে।