ঢাকা | শুক্রবার, ১ মে ২০২৬,১৮ বৈশাখ ১৪৩৩

কুবিতে অনুষ্ঠিত হলো প্রত্নতত্ত্ব বিভাগের আর্ট এন্ড হেরিটেজ সোসাইটির সাধারণ সভা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় সংগঠন আর্ট এন্ড হেরিটেজ সোসাইটির উদ্যোগে প্রথমবারের মতো ‘সাধারণ সভা’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০৩ নং হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সোহরাব উদ্দিন, প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. সাদেকুজ্জামান, সহকারী অধ্যাপক মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, সহকারী অধ্যাপক মোরশেদ রায়হান, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান, সহযোগী অধ্যাপক এবং ছাত্র উপদেষ্টা মোহাম্মদ মশিউর রহমান, এবং সোসাইটির ভিপি, জিএসসহ সকল শিক্ষার্থীবৃন্দ।

সভায় সোসাইটির কার্যক্রমকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা ও প্রস্তাব উপস্থাপন করা হয়। ভবিষ্যতে বিভাগীয় কার্যক্রম আরও সমৃদ্ধ ও গতিশীল করতে শিক্ষক ও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

সভায় বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সোহরাব উদ্দিন। তিনি বলেন, “প্রত্নতত্ত্ব একটি সৃজনশীল শাখা। এই সোসাইটির মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণা, সৃজনশীলতা এবং সংস্কৃতি নিয়ে আরও গভীরভাবে কাজ করার সুযোগ পাবে। আমি বিশ্বাস করি, শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করলে বিভাগের পরিচিতি ও সাফল্য বহুগুণ বৃদ্ধি পাবে।”

প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ড. সাদেকুজ্জামান বলেন, “আর্ট এন্ড হেরিটেজ সোসাইটির এই উদ্যোগ আমাদের বিভাগের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। ভবিষ্যতে এই সোসাইটিকে আমরা বিভাগীয় গবেষণা, সেমিনার, কর্মশালা ও প্রকাশনা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করব।”

আর্ট এন্ড হেরিটেজ সোসাইটির সহ-সভাপতি (ভি.পি) মো. সাইফুল ইসলাম তাওহীদ বলেন, “এই সাধারণ সভা আমাদের জন্য অনুপ্রেরণার। আমরা চাই শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে সোসাইটির কার্যক্রমকে আরও প্রাণবন্ত করতে। বিভাগকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্য আমরা একসাথে কাজ করব।”