ঢাকা | শুক্রবার, ১ মে ২০২৬,১৮ বৈশাখ ১৪৩৩

পরমাণু শক্তি কমিশনে নতুন চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমান

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) চেয়ারম্যান হয়েছেন ড. মো. মজিবুর রহমান। তিনি বিএইসির সদস্য (জীব বিজ্ঞান) হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাকে চেয়ারম্যানের চলতি দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। ড. মো. মজিবুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি দীর্ঘদিন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় জাতীয় সংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ক্যাথলিক ইউনিভার্সিটি অব লুভেন, বেলজিয়াম থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ২০০৮ সালে জার্মানির ফ্রিডরিখ-শিলার-ইউনিভার্সিটি অব জেনা-তে আলেকজান্ডার ফন হুমবোল্ট ফাউন্ডেশনের (এভিএইচ) গবেষণা ফেলো হিসেবে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘের পর পর দুবার (২০১৪-২০১৬ এবং ২০১৬-২০১৮) নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

কৃষি ও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে গবেষণা পরিচালনার জন্য ষাটের দশকে পারমাণবিক শক্তি কেন্দ্র নামে যাত্রা শুরু করে। ১৯৭২ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদস্যপদ গ্রহণ করে। ১৯৭৩ সালের ফেব্রুয়ারিতে, রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয়।