ঢাকা | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,২৯ কার্তিক ১৪৩৩

পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন তিন শিক্ষক। এ ছাড়া আরও তিনজন আজকের মধ্যে পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে। তারা সবাই জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পেয়েছেন।

গতকাল বুধবার পদত্যাগ করা তিনজন শিক্ষক হলেন- আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার। তারা প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংয়ের মাধ্যমে উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, গতকাল পর্যন্ত দুজনের পদত্যাগ পত্র পেয়েছি এখন আমি অফিসের বাহিরে থাকার কারণে সঠিক সংখ্যাটা বলতে পারছি না। পদত্যাগকৃত শিক্ষকরা কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন পলিটিক্যাল দর্শন যে কারো থাকতেই পারে তবে আমি এ বিষয়ে মন্তব্য করতে পারবো না। সঠিক সংখ্যাটা আমি অফিসে গিয়ে বলতে পারব।

এ ছাড়া বৃহস্পতিবারের (১২ নভেম্বর) মধ্যে সহকারী প্রক্টর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর, ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগ ও এমআইএস বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে।

পদত্যাগ করা ছয় সহকারী প্রক্টরের মধ্যে একাধিক জামায়াতপন্থী শিক্ষকও রয়েছেন। পদত্যাগের বিষয়টি দুজন নিশ্চিত করেছেন। তারা পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।