ঢাকা | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,২৯ কার্তিক ১৪৩৩

ককটেলকাণ্ডে ঢাবির কর্মচারী বরখাস্ত, অভিযোগ অস্বীকার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় আমান উল্লাহ আমান নামে এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। আমান বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক ছাত্র এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসে স্যানিটারি সুপারভাইজার হিসেবে কর্মরত। ২০২২ খ্রিষ্টাব্দের ২৮ জুলাই তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

এ বিষয়ে জানতে চাইলে বুধবার (১১ নভেম্বর) আমান বলেন, আইনবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ এলাকায় যখন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন তিনি বিশ্ববিদ্যালয় এলাকার আবাসিক কোয়ার্টারে অবস্থান করছিলেন বলে দাবি করেন।

আমান বলেন, ‘আমার তিনটি সন্তান আছে। এই চাকরির ওপরই আমার বেঁচে থাকা নির্ভর করছে।’ তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেন। নিজের নির্দোষিতা প্রমাণে প্রশাসনকে তার চলাফেরার তথ্য, ফোনকলের তালিকা (কল লিস্ট) যাচাই এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের অনুরোধ জানিয়েছেন তিনি।

এর আগে গতকাল মঙ্গলবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সমন্বয় সভায় আমানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় আমানের সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বলেন, কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় প্রচার-প্রচারণা চালানো হয়। তবে দলীয় রাজনৈতিক মিছিল করার সুযোগ নেই। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন নয়, কোনো সরকারি প্রতিষ্ঠানের ভবনেই এ ধরনের মিছিল করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, এ ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না, তা তার জানা নেই।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর একটি কলা ভবনের পাশের শ্যাডো এলাকায় এবং অন্যটি ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে বিস্ফোরিত হয়।

জানা গেছে, আমান বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবনে টিউশনি করে তিনি পড়াশোনার খরচ চালাতেন। তবে হলের আবাসিক শিক্ষার্থী থাকাকালে ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল বলে কেউ কেউ দাবি করেছেন।