ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,১০ কার্তিক ১৪৩৩

১০ কোটি টাকা চাঁদা দাবি করায় গ্রেপ্তার উত্তরা পূর্ব থানা ছাত্রদল সভাপতি সাজ্জাদ

রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় একটি জমিতে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে ১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদলের সভাপতি এম সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বিশেষ আইন প্রয়োগকারী সংস্থা (এসআরবি)। পরে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানায় হস্তান্তর করা হয়।

ভুক্তভোগী ও মামলার বাদী শামীমা আক্তার ডালিয়া জানান, ব্যাংকের লোন (ঋণ) পরিশোধ করার উদ্দেশ্যে দক্ষিণখান থানার সামনে অবস্থিত তাদের নিজস্ব একটি জমি বিক্রির উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে জমিটিতে একটি বিক্রয় বিজ্ঞপ্তি সংবলিত সাইনবোর্ড স্থাপন করেন মালিকপক্ষ।

ভুক্তভোগী জানান, সাইনবোর্ড লাগানোর পরপরই মোখলেছুর রহমান এবং এম সাজ্জাদ হোসেন জমির মালিকের কাছে গিয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে জমি বিক্রি করতে দেওয়া হবে না এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

এই ঘটনায় শামীমা আক্তার ডালিয়া বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদলের সভাপতি এম সাজ্জাদ হোসেন এবং মোখলেছুর রহমানসহ মোট ২৩ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

এছাড়াও ছাত্রদল নেতা সাজ্জাদ সম্পর্কে বেশ কিছু অপরাধের তথ্য রয়েছে, যা নিয়ে তদন্ত চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, সাজ্জাদ ৫ আগস্টের পর নানান অপরাধে জড়িয়ে পড়েন। ছিনতাই ও চাঁদাবাজি থেকে অর্থ উপার্জন করে বিলাসী জীবনযাপন করছেন। আঙুল ফুলে রাতারাতি কলাগাছ বনে গেছেন—ক্ষমতাসীন ছাত্ররাজনীতির আড়ালে তিনি বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ রয়েছে।

দক্ষিণখান থানা পুলিশ জানায়, সুনির্দিষ্ট চাঁদাবাজির মামলার পরিপ্রেক্ষিতে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।