প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্নাইপার’ সংক্রান্ত মন্তব্য করে আলোচনা সৃষ্টি করা সেই যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এসআরবি-৫ অধিনায়ক লে. কর্নেল ফয়সাল ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু বকরকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে পুলিশ জানিয়েছে, বিতর্কিত মন্তব্যকারীকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল তিনটার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বিশেষ বিমান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে চড়ে রাজশাহী নগরীতে প্রবেশ করেন। এ সময় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ তাকে উষ্ণ শুভেচ্ছা জানান। চলন্ত বাস থেকেই প্রধানমন্ত্রী হাত নেড়ে জনসাধারণের শুভেচ্ছার জবাব দেন।
তবে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাসটি নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। যেখানে লেখা হয়: “সবই বুঝলাম! রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কী জানেন রাজশাহীবাসী?” পোস্টটির সঙ্গে প্রধানমন্ত্রীকে বহনকারী রুয়েটের বাসটির ছবিও যুক্ত করা হয়।
উক্ত পোস্টের মন্তব্য ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়: “ইস! একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল।”
পুরো বিষয়টিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, “প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফেসবুকে মন্তব্যকারীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সে ডিবি হেফাজতে আছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




