ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬,২৭ আশ্বিন ১৪৩৩

স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মসজিদে মারা গেলেন স্বামী

নড়াইলের সদর উপজেলায় স্ত্রীর মৃত্যুর সাড়ে তিন ঘণ্টা পর মসজিদে ফজরের নামাজ আদায় করতে গিয়ে মারা গেছেন স্বামী রোমান মোল্যা (৬০)। শনিবার দিবাগত রাতে উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। একই দিনে স্বামী-স্ত্রীর জানাজা অনুষ্ঠিত হলেও, প্রবাসী ছেলে দেশে ফেরার অপেক্ষায় তাদের দাফন করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রোমান মোল্যার স্ত্রী প্রায় সাত বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। মাঝেমধ্যে কিছুটা সুস্থ হলেও বেশির ভাগ সময় অসুস্থ থাকতেন তিনি। শনিবার দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়িতে মারা যান রোমান মোল্যার স্ত্রী।

স্ত্রীর মরদেহ বাড়িতে রেখে ফজরের আজান দিতে ও নামাজ আদায় করতে বাড়ির কাছের মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান রোমান মোল্যা। তিনি ওই মসজিদের নিয়মিত মুয়াজ্জিন ছিলেন। ফজরের নামাজ আদায়ের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত মুসল্লিরা তাকে সুস্থ করার চেষ্টা করলেও একপর্যায়ে তার মৃত্যু হয়।

মাত্র সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক প্রকাশ করেছেন।

গতকাল (রোববার, ১১ অক্টোবর) জোহরের নামাজের পর স্থানীয় একটি মাদ্রাসা প্রাঙ্গণে স্বামী-স্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। তবে তাদের একমাত্র ছেলে জসিম কুয়েতে থাকায় তার দেশে ফেরার অপেক্ষায় দাফন স্থগিত রাখা হয়।

স্থানীয় বাসিন্দা খায়রুল বাশার জানান, বাবা-মায়ের মৃত্যুর খবর পেয়ে তাদের শেষবারের মতো দেখতে কুয়েত থেকে দেশে রওনা হয়েছেন জসিম। তিনি আজ (সোমবার, ১২ অক্টোবর) বাড়িতে পৌঁছানোর পর বাবা-মায়ের দাফন সম্পন্ন করার কথা রয়েছে।