খুলনায় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ। এর অংশ হিসেবে রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
গতকাল (শুক্রবার, ০৯ অক্টোবর) রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনাপত্রে বলা হয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জেলার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটায়, তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এ অবস্থায় বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্ব পালনের সময় রাতে কোনো পুলিশ সদস্য যেন একা চলাচল না করেন, তা নিশ্চিত করতে ইউনিটপ্রধানদের নির্দেশ দেয়া হয়েছে।
জেলা পুলিশের এ সিদ্ধান্তের পেছনে রয়েছে বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ পরিদর্শক শাহ আলমের ওপর হামলার ঘটনা। রাত আড়াইটার দিকে খুলনা নগরীর খানজাহান আলী সড়কে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে ধারালো চাপাতির আঘাতে গুরুতর আহত হন ৪৩ বছর বয়সী এই পুলিশ কর্মকর্তা। অভিযোগ রয়েছে, ছিনতাইকারীরা তার ওপর হামলা চালায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান শেষে ফেরার পথে ওই পুলিশ পরিদর্শক হামলার শিকার হন। ঘটনার সময় তিনি সাদা পোশাকে ছিলেন। এ ঘটনার পর জেলা পুলিশের সদস্যদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে, খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ৭৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ছুরিকাঘাত, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অপরাধের ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।
পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলায় একা চলাচলে নিষেধাজ্ঞার পাশাপাশি বিশেষ অভিযান ও দায়িত্ব পালনের সময় সতর্কতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে জেলা পুলিশ।




