যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (৩ অক্টোবর) ছবিটি প্রকাশ করা হয়। ছবিটি হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া গেছে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা সেই ছবিটি রোববার (৪ অক্টোবর) নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে যোগ দেয়া বিশ্বনেতা ও তাদের স্বামী-স্ত্রীদের সম্মানে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এই নৈশভোজের আয়োজন করেন। গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে নৈশভোজটি অনুষ্ঠিত হয়। সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে তখন নিউইয়র্কে ছিলেন তারেক রহমান। তার সফরসঙ্গী ছিলেন জুবাইদা রহমান।
জাতিসংঘের ৮১ তম অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রীদের নিয়ে একটি বিশেষ বৈঠক করেন মেলানিয়া ট্রাম্প। সেখানে তিনি বিশ্বব্যাপী শিশুদের কল্যাণে তার উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উন্মোচন করেন। অন্য দেশের ফার্স্ট লেডিদেরও এ উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী। স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটি ছিল তার প্রথম ভাষণ। সফর শেষে ২৭ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।






