ঢাকা | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,৩১ ভাদ্র ১৪৩৩

১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও সম্মুখ ময়দানে ছিল ঢাকা কলেজ: ছাত্রদল সভাপতি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যখন সারা দেশ উত্তাল এবং ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়া হয়, তখনও ঢাকা কলেজ ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা রাজপথের সম্মুখ ময়দানে ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ছাত্রদল সভাপতি রাকিব বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের পর ঢাকা কলেজ ছাত্রদল ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা সাহসের সঙ্গে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। আমরা সে বিষয়ে পুরোপুরি অবগত। তাদের এই অবদানের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা সর্বদাই অব্যাহত থাকবে।”

ক্যাম্পাস পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মূল দায়িত্ব প্রশাসন ও পরিচ্ছন্নতা কর্মীদের। তবে ছাত্রদল এই কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। নিজেরা সশরীরে অংশ নেওয়ার মাধ্যমে ‘পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার’—আমরা এই বার্তাটি দিতে চাই। শুধু লোকদেখানো কাজ বা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে, আমরা যেন সত্যিকার অর্থেই মন থেকে এই কার্যক্রমে অংশ নিতে পারি, সেই চেষ্টাই করছি।”

ঢাকা কলেজ ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, “আমাদের প্রতিটি ক্যাম্পাসে পরিচ্ছন্নতা ও অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে ছাত্রদল ভূমিকা পালন করে যাচ্ছে। ৫ আগস্টের পর ঢাকা কলেজ ছাত্রদল ক্যাম্পাসে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করার পর থেকে ক্যাম্পাস পরিচ্ছন্নতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন দলে ভাগ হয়ে কার্যক্রম পরিচালনা করায় কলেজটি এখন বেশ পরিচ্ছন্ন। আমি চাই তাদের এই ধারাবাহিকতা যেন বজায় থাকে।”

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “দেশের যেকোনো দুর্যোগে ছাত্রদল সাধ্যের সবটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও পরিবেশ সুরক্ষার পাশাপাশি নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি পালন করা হবে। আমরা বিশ্বাস করি, একটি নতুন ধারার ছাত্ররাজনীতি বিকাশ এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূর্ণ বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সফল হবে।”