ঢাকা | বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,২২ শ্রাবণ ১৪৩৩

সাকিব ‘খুনির প্রমাণিত দোসর-ফ্যাসিস্ট’ বললেন আসিফ আকবর

বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে নিজের আগের অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও ক্রিকেট সংগঠক আসিফ আকবর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আসিফ আকবর লেখেন, ‘দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খুনির প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী।’

তার এই বক্তব্য আসে সাকিব আল হাসানকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে। এর আগের দিন ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে একটি সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন সাকিব আল হাসান, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়।

এর আগে অবশ্য সাকিবের প্রতি প্রকাশ্য সমর্থন ও প্রশংসা জানিয়েছিলেন আসিফ আকবর। চলতি বছরের মার্চে সাকিবের ৩৯তম জন্মদিন উপলক্ষে লন্ডনে তার সঙ্গে কেক কাটার একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে আসিফ আকবরকে সাকিবের জন্মদিন উদযাপন করতে দেখা যায় এবং তিনি তাকে ‘নবাব’ বলেও সম্বোধন করেন।

১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্ম নেয়া সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় মুখ। ব্যাট ও বল হাতে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি বিশ্বসেরা অলরাউন্ডারদের একজন হিসেবে স্বীকৃতি পান। বাংলাদেশের হয়ে একাধিক ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

তবে ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে রাজনীতিতে যুক্ত হওয়ার পর নানা সমালোচনার মুখে পড়েন সাকিব। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফেরেননি। তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় এবং জাতীয় দলেও তার অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

সাকিবকে ঘিরে পরবর্তীতে অবশ্য ক্রিকেটে ফেরার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়। বিসিবির পক্ষ থেকেও তার আইনি জটিলতা সমাধানে উদ্যোগ নেয়ার কথা জানানো হয়েছিল। গত ৪ মার্চ বুলবুলের বোর্ডে পরিচালকের দায়িত্বে থাকা আসিফ আকবর জানিয়েছিলেন, সাকিবের বিষয়টি নিয়ে বিসিবির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে এবং বিষয়টি মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে। পাশাপাশি বিসিবির লিগ্যাল টিমও কাজ করছে বলে জানিয়েছিলেন তিনি।

তিনি আরও বলেছিলেন, মন্ত্রণালয় ও বিসিবি সমন্বিতভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছে এবং তারা আশাবাদী যে দ্রুতই সাকিবকে আবার বাংলাদেশের ক্রিকেটে দেখা যাবে।

বাংলাদেশের হয়ে সাকিব সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্ট খেলেন। কানপুরে নিজের ৭১তম টেস্ট ম্যাচ চলাকালে তিনি দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন।

তবে রাজনৈতিক অবস্থান ও সাম্প্রতিক মন্তব্যের কারণে সাকিবকে ঘিরে বিতর্ক এখনো অব্যাহত রয়েছে। আসিফ আকবরের নতুন বক্তব্য সেই আলোচনাকে আরও তীব্র করেছে।