ঢাকা | বুধবার, ১০ জুন ২০২৬,২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

মানিকগঞ্জে মেয়ের হাতে মা খুন, নিজেই ডাকতে বলে পুলিশ

মানিকগঞ্জের হরিরামপুরে মানসিক ভারসাম্যহীন এক মেয়ের হাতে তার ৯৫ বছর বয়সী মা খুন হয়েছেন। পুলিশ নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মেয়েকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রেজিয়া বেগম (৯৫) মধ্যধুসুরিয়া গ্রামের মৃত সোবহানের স্ত্রী। অভিযুক্ত রোকেয়া বেগম (৬০) নিহতের মেয়ে এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া এলাকার মৃত মালেকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের ভেতরে থাকা বটি দিয়ে রোকেয়া বেগম তার মা রেজিয়া বেগমকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি তার বড় ভাই মোফাজ্জল হোসেন ও তার ছেলে রাসেলকে ডেকে জানান যে, মা মারা গেছেন। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রেজিয়া বেগমের মরদেহ দেখতে পান।

স্থানীয়দের ভাষ্যমতে, স্বামীর মৃত্যুর পর থেকেই রোকেয়া বেগম মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

নিহতের নাতি রাসেল বলেন, আমার ফুপু আমার দাদিকে কুপিয়ে হত্যা করে আমাদের ডাকাডাকি করে। সে নিজেই পুলিশ ডাকতে বলে।

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মেয়ে রোকেয়া বেগমকে আটক করা হয়েছে।