ঢাকা | শনিবার, ১৬ মে ২০২৬,২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মন দিয়ে পড়ালেখা করলেই শিক্ষার্থীরা উপবৃত্তি পাবেন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেয়েদের শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি আছে, এটা আমরা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত ফ্রি করবো এবং শুধু তাই নয় যেসব মেয়েরা ভালো রেজাল্ট করবে তাদের সরকার থেকে উপবৃত্তির ব্যবস্থা করবো। কাজেই মন দিয়ে সবাইকে পড়তে হবে। মন দিয়ে পড়লেই উপবৃত্তি পাবেন।

শনিবার (১৬ মে) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খোর্দ্দ খাল পুনঃখননের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি আমারা নির্বাচনের আগে দিয়েছিলাম। লক্ষ্য ছিলো ছোট-ছোট বোনেরা এখানে আছেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দায়িত্বে ছিলেন, তখন এদের ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত বিনামূল্যে করে দিয়েছিলেন। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি বেগম খালেদা জিয়ার সেই কর্মসূচি আরো এগিয়ে নিয়ে যাবো।

একই অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, জিয়াউর রহমান চাঁদপুরের এই খাল খনন করেছিলেন ১৯৭৮ খ্রিষ্টাব্দে। আজকে আমরা পেয়েছি তারেই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকে। আমাদের আর কোনো ভয় নেই, ভীতি নেই। বাংলাদেশ এবার এগিয়ে চলবে, আগামীর বাংলাদেশ আমরা পাবো তারেক রহমানের নেতৃত্বে।

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রিয় বিষয় ছিলো শিক্ষা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও প্রিয় বিষয় ছিলো শিক্ষা। এবার তারই জ্যেষ্ঠ সন্তান আজকের প্রধানমন্ত্রীর তারেক রহমানের ভাবনাও শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা। আমরা সবাই মিলে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো।