অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টার সালেহউদ্দিন আহমেদ বলেছেন, তাদের দায়িত্ব নেয়ার সময় দেশের অর্থনীতি ছিল গভীর সংকটে। ফলে নতুন সংস্কারের চেয়ে ভেঙে পড়া ব্যবস্থাকে সামাল দিতেই বেশি মনোযোগ দিতে হয়েছে। তিনি বলেন, অনেকে জানতে চান দেড় বছরে সরকার কী করেছে? কিন্তু বাস্তবতা হলো, ‘এক দিনে সব পরিবর্তন হয় না।’ তিনি বলেন, ‘আমরা সব খারাপ করে আসছি, তা তো না।’ তাছাড়া অন্তর্বর্তী সরকারের ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় এবং ‘রাজনৈতিক ম্যান্ডেটের’ অভাবের কারণে অনেক গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব হয়নি।
শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ৫৮তম সমাবর্তন অনুষ্ঠানে সালেহউদ্দিন আহমেদ এসব কথা বলেন। সমাবর্তনে বিবিএ, এমবিএ, ইএমবিএ ও ডিবিএ-এই চারটি প্রোগ্রামের ৩৬৫ শিক্ষার্থী অংশ নেন।
গত অন্তর্বর্তী সরকারের সময়ে দৃশ্যমান সব পরিবর্তন না এলেও অর্থনীতি ও প্রশাসনের বিভিন্ন খাতে ভিত্তিগত কিছু সংস্কার হয়েছে বলে উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমি দুটি শব্দ ব্যবহার করি- রিপেয়ার ও রিফর্ম। প্রথমে আমাদের রিপেয়ার করতে হয়েছে, পরে রিফর্ম।’
সালেহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা ছিল রাজনৈতিক ‘ম্যান্ডেটের’ অভাব। তিনি বলেন, ‘আমাদের স্ট্রেন্থ (শক্তি) ছিল না, ম্যান্ডেটও ছিল না।’ ফলে অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত গতিতে সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়নি।

বাংলাদেশের সম্ভাবনা এখনো অনেক উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, তবে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সুশাসন, দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, একই অবস্থা থেকে শুরু করেও দেশ দুটি অনেক দূর এগিয়েছে। বাংলাদেশও চাইলে তা পারে।
সমাবর্তনে ডিগ্রি পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে সালেহউদ্দিন আহমেদ বলেন, বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে এবং সুযোগও সীমিত হয়ে আসছে। তাই দক্ষতা, জ্ঞান ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই।
সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বিশ্ব এখন দ্রুত বদলে যাচ্ছে, আর এই পরিবর্তনের সময়ে নতুন প্রজন্মকে শুধু দক্ষ হলেই হবে না, নৈতিক নেতৃত্বও দিতে হবে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে শিক্ষার্থীদের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, তা দেখিয়েছে-স্পষ্ট দৃষ্টি ও সৎ উদ্দেশ্য থাকলে পরিবর্তন অনিবার্য।
সমাবর্তনে ১১৬ জন শিক্ষার্থীকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), ১২৬ জনকে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ, ১২২ জনকে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম–ইএমবিএ) এবং একজন শিক্ষার্থীকে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি প্রদান করা হয়। এ বছর অসাধারণ একাডেমিক কৃতিত্বের জন্য ২৬ জন শিক্ষার্থী ‘ডিরেক্টরস অনার লিস্টে’ স্থান পান। এ ছাড়া দুজন শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন করেন।






