ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তিকে দেশবিরোধী উল্লেখ করে তা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্রজোট।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এ মিছিল শুরু হয়। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে তারা বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, ড. ইউনূসের চুক্তিতে বহু অনুচ্ছেদ আছে যা কৃষক ও শিক্ষার্থী বিরোধী। এসব আমাদের প্রতিটা সেক্টরকে হুমকিতে ফেলবে। একজন সচেতন নাগরিক একটু দেখলেই বুঝতে পারবেন এটা কত খারাপ চুক্তি। এর ফলে আমাদের অর্থনীতির ভবিষ্যত অন্ধকার।
তারা বলেন, ১৭৫৭ খ্রিষ্টাব্দের পলাশির চুক্তির মতোই এই চুক্তি। এই সরকার চুক্তিকে কার্যকর করতে চায়। বাণিজ্যমন্ত্রী বলেছেন এমন চুক্তি নাকি বাতিল করা যাবে না।
আমাদের দাবি হলো অবিলম্বে এই চুক্তি বাতিল করুন। অন্যথায় এই সরকার ও সংসদ থেকে পদত্যাগ করুন।
সবাইকে আন্দোলনে নামার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, যারা এই আন্দোলনে আসবেন না তারাও একদিন রাজাকার হয়ে যাবেন।
বাংলাদেশের কৃষির অবস্থা খুবই খারাপ, সেখানে চুক্তি বলা আছে কৃষকরা কোনো ভতুর্কি দিতে পারবেন না। ভতুর্কি দিতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমতি নিতে হবে। বিগত দিনে জিডিপি বাড়িয়ে দেখানো হয়েছে। এর ফলে আমরা আগে ওষুধ কিনতাম ২০ টাকায় এখন তা কিনতে হবে ১০০ টাকায়। পেটে লথি মারার চুক্তিই হলো এই বাণিজ্য চুক্তি।






