পিরোজপুরে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে প্রকাশ্যে ঋণ/বিনিয়োগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) পিরোজপুরের পার্টি হাউস কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের সার্কুলারের আলোকে ১০/৫০/১০০ টাকার হিসাবধারী গ্রাহকদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পিরোজপুর শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এফআইডি বিভাগের অতিরিক্ত পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফআইডি বিভাগের উপ-পরিচালক মো. ফিরোজ আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ইভিপি ও আরসি অ্যান্ড আরইআইডি-এর হেড অব ডিভিশন মো. জিল্লুর রহমান পাটোয়ারী এবং সোনালী ব্যাংক পিএলসি, পিরোজপুর প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক সরদার মো. জাহিদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বরিশাল জোনের ইভিপি ও জোন প্রধান মো. সরোয়ার হোসাইন।
স্বাগত বক্তব্য দেন পিরোজপুর শাখার এসএভিপি ও শাখা প্রধান মুহাম্মদ মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে হাসান কাজী তৌফিকুর রহমান বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করাই এই পুনঃঅর্থায়ন স্কিমের মূল লক্ষ্য। স্বল্প আয়ের মানুষ যাতে সহজে ব্যাংকিং সেবা ও বিনিয়োগ সুবিধা পায়, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক বদ্ধপরিকর।”
অনুষ্ঠানে সোনালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক প্রধান ও প্রতিনিধিরা ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া বিনিয়োগ গ্রাহকদের পক্ষ থেকে একজন পুরুষ ও একজন নারী প্রতিনিধি তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ যোগ্য গ্রাহকদের মাঝে প্রকাশ্যে বিনিয়োগ বিতরণ করেন। পরে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।






