ঢাকা | শনিবার, ৯ মে ২০২৬,২৬ বৈশাখ ১৪৩৩

ফাইল ৭২ ঘণ্টার বেশি আটকে রাখা যাবে না

শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে কোনো ফাইল ৭২ ঘণ্টার বেশি আটকে রাখা যাবে না। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় বনানীর ঢাকা শেরাটন হোটেল-এ বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)-এর এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে তিনি যখন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক-এর সঙ্গে কাজ করেছেন, তখন কোনো ফাইল ৭২ ঘণ্টার বেশি আটকে থাকত না। সেই অভিজ্ঞতার ভিত্তিতে বর্তমানেও তিনি সচিবকে একই নির্দেশনা দিয়েছেন। রুলস অব বিজনেস অনুযায়ী ফাইল দীর্ঘ সময় আটকে থাকার কোনো যৌক্তিকতা নেই বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে অতিরিক্ত মনিটরিং করি, অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করি; তাহলে তারা কাজ করতে পারবে না। আবার সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া যাবে না; যাতে এগুলো ‘হলি আর্টিজান’-এর মতো জঙ্গি কারখানায় পরিণত হয়। অবশ্যই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। সরকারকে আপনাদের কথা শুনতে হবে, সমস্যাগুলো শুনতে হবে এবং সেগুলোর সমাধান করতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, শিক্ষাসচিব আবদুল খালেক, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষাবিদরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) চেয়ারম্যান ড. মো. সবুর খান।