মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের লামুয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে তিন জন।
নিহতদের মধ্যে চালক আব্দুল হান্নান (৫০) রয়েছেন। বাকি দুই জনের পরিচয় এখনও জানা যায়নি।
সোমবার (৩০ মার্চ) বিকালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত দু’জনকে সিলেট এমএজি হাসপাতালে রেফার্ড করা হয়েছে তার একজনের নাম রাহুল (১৮) বলে জানা গেছে। তবে অপর জনের নাম জানা যায়নি।
আহত অন্য দু’জনের মধ্যে একজন ছাব্বির মিয়া (৩৭) ও অন্য একজন অজ্ঞাত (৪০) সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে অজ্ঞাত ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন। নিহত ও আহত সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।
তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আওলাদ মিয়া। নিহতদের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল রাখা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় মাইক্রোবাসে থাকা কোনো যাত্রীদের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনায় মাইক্রোবাস চালক নাঈমকে (২৫) আটক করেছে পুলিশ। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছে পুলিশ।






