ঢাকা | সোমবার, ২৫ মে ২০২৬,১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাবিপ্রবি শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তড়িৎ ও প্রকৌশল বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী আব্দুর রহিম খায়রুল শুক্রবার সকালে নিজের মেসে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গতরাতে বন্ধুদের সঙ্গে রাত প্রায় ১১টা পর্যন্ত আড্ডা দেওয়ার পর তিনি সারারাত জেগে ছিলেন। ভোরে ফজরের নামাজ আদায় করে তিনি ঘুমিয়ে পড়েন। পরে সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে তাকে একাধিকবার ডাকাডাকি করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

জানা গেছে, মৃত্যুর পূর্বে তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং তার কোনো ধরনের শারীরিক অসুস্থতার ইতিহাস ছিল না। তিনি বমি করেননি এবং তাকে হাসপাতালে নেওয়ারও প্রয়োজন হয়নি। যে স্থানে তিনি ইন্তেকাল করেন, সেখানেই তার মরদেহ রাখা হয়েছে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও দিনাজপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, স্টুডেন্ট অ্যাডভাইজর, সহকারী স্টুডেন্ট অ্যাডভাইজর, সহকারী প্রক্টর উপস্থিত ছিলেন। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নূরনবী তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির বলেন , “এ ধরনের আকস্মিক মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। ঘটনাটির সার্বিক বিষয় নিয়ে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে ।”

আবদুর রহিম খাইরুলের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার  চায়না বাজার এলাকায়। তিনি রংপুরের কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পরবর্তীতে হাবিপ্রবির তড়িৎ ও প্রকৌশল বিভাগে ভর্তি হন।

তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের  ঘড়িয়ালডাংগা ইউনিয়ন সাবেক  সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এই আকস্মিক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকদের মাঝে গভীর শোক বিরাজ করছে।