ইরানের বিপ্লবী গার্ড কোরকে(আইআরজিসি) “সুনির্দিষ্ট এবং সংবেদনশীল তথ্য” সংগ্রহ ও পাচার করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বাহরাইন।
তদন্তকারীদের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বয়স ২৫ থেকে ৩৯ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন সরাসরি ইরানি বিপ্লবী গার্ডের ক্যাম্পে নিবিড় সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।
আটককৃতরা বাহরাইনের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা এবং বেশ কয়েকটি বিলাসবহুল হোটেলের ছবি ও নিখুঁত ভৌগোলিক অবস্থান (কোঅর্ডিনেটস) সংগ্রহ করেছিলেন।
পরবর্তীতে এসব তথ্য ইরানের কাছে পাঠানো হয়, যা ওই স্থানগুলোকে লক্ষ্যবস্তু বানাতে সহায়তা করার উদ্দেশ্যে করা হয়েছিল। বাহরাইন সরকার বিষয়টিকে দেশের সার্বভৌমত্বের ওপর বড় হুমকি হিসেবে দেখছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রেখেছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, কেবল তথ্য পাচারই নয় বরং বাহরাইনের বিরুদ্ধে সন্ত্রাসী পরিকল্পনা বাস্তবায়নের জন্য “সন্ত্রাসী সদস্য সংগ্রহ বা নিয়োগ” করার অপরাধেও তাদের গ্রেফতার করা হয়েছে।
এই চক্রের ষষ্ঠ একজন ব্যক্তি বর্তমানে বিদেশে পলাতক রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।








