গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান মোল্লা শনিবার (১৪ মার্চ) বিকেলে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও তলা ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি সেবার মান, রোগীদের সুবিধা এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।হাসপাতালে পৌঁছালে কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুল দিয়ে সংসদ সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এরপর তিনি হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং উপস্থিত চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল বসার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।






