ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা ১,৩০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে চলা এই তাণ্ডবে নিহতের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে ধ্বংসযজ্ঞের পরিমাণ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রেড ক্রিসেন্টের দেওয়া তথ্যমতে, ইসরায়েলি এই নৃশংসতা থেকে বাদ যাচ্ছে না স্কুল, হাসপাতাল কিংবা বেসামরিক স্থাপনাও; এমনকি প্রাণ রক্ষাকারী অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীদের ওপরও চালানো হচ্ছে বর্বরোচিত হামলা।
তেহরান থেকে পাওয়া সর্বশেষ তথ্যের বরাতে শনিবার (৭ মার্চ) আল-জাজিরার লাইভ আপডেটে জানানো হয়, গত পরশু পর্যন্ত ১ হাজার ৩০০ জন নিহত এবং আরও অসংখ্য মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
দেশজুড়ে বিরতিহীনভাবে হামলা চলায় প্রাণহানির এই সংখ্যা আরও অনেক বাড়বে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় নিহতের চূড়ান্ত সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন সূত্রের দেওয়া তথ্যমতে, হামলার লক্ষ্যবস্তু থেকে বাদ যাচ্ছে না বেসামরিক স্থাপনাও। আবাসিক এলাকা ছাড়াও হাসপাতাল, স্কুল এমনকি সাধারণ মানুষের ব্যবহারের পার্কিং লটেও বিমান হামলা চালানো হয়েছে।
একটি বিশেষ ঘটনায় ‘পুলিশ পার্ক’ নামক একটি পার্কেও হামলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে অত্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে এই হামলাগুলো চালানো হচ্ছে, যার ফলে ক্ষয়ক্ষতির পরিধি দিন দিন বাড়ছে।
মার্কিন-ইসরায়েলি হামলায় লক্ষ্যবস্তু কমপক্ষে ৬ হাজার ৬৬৮ বেসামরিক স্থাপনা
ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যানে জানানো হয়েছে যে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন-ইসরায়েলি হামলায় অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
হামলায় ক্ষতিগ্রস্তের বিস্তারিত খতিয়ানে জানানো হয়েছে-
* ৫,৫৩৫টি আবাসিক ইউনিট
* ১,০৪১টি বাণিজ্যিক ইউনিট
* ১৪টি চিকিৎসা কেন্দ্র
* ৬৫টি স্কুল
* ১৩টি ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি সংশ্লিষ্ট কেন্দ্র
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব হামলার সময় বেশ কিছু উদ্ধারকারী ও ত্রাণবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া উদ্ধার অভিযান চালানোর সময় রেড ক্রিসেন্টের বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন।






