ঢাকা | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,৬ শ্রাবণ ১৪৩৩

‎মাভাবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তুষার আহমেদের বিবাহোত্তর সংবর্ধনা


‎টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে উৎসবের আবহে সম্পন্ন হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তুষার আহমেদের বিবাহোত্তর সংবর্ধনা।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও  কোনো ছাত্রনেতার ব্যক্তিগত যৌথআয়োজনে এমন ব্যাপক অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশ বিরল বলেই মনে করছেন অনেকে।

‎শনিবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সন্তোষ ক্যাম্পাসে প্রীতিভোজের এই আয়োজন অনুষ্ঠিত হয়। বর তুষার আহমেদ রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার জয়নগর গ্রামের মো. শহিদুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র। কনে সায়েমা টাঙ্গাইল সদর উপজেলার বড় বেলতা গ্রামের মো. বজলুর রহমানের একমাত্র কন্যা।

‎আয়োজক সূত্রে জানা যায়, দিনটিকে স্মরণীয় করে রাখতে ক্যাম্পাস প্রাঙ্গণে বিশাল প্যান্ডেল টানিয়ে সুপরিসর ভোজের ব্যবস্থা করা হয়। অতিথিদের আপ্যায়নে ছিল ঐতিহ্যবাহী ও উন্নতমানের খাবারের আয়োজন। গরু জবাই করে পরিবেশন করা হয় নানা পদ। সন্ধ্যা ৬টা ১ মিনিটে শুরু হওয়া এ প্রীতিভোজ ইশার নামাজ  পর্যন্ত আনন্দঘন পরিবেশে চলতে থাকে।

‎অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ক্যাম্পাস  সাংবাদিক,  বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ছাড়াও টাঙ্গাইলের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সুবাদে তুষার আহমেদ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সুপরিচিত মুখ। ফলে তাঁর ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়কে স্বাগত জানাতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

‎সামাজিক যোগাযোগমাধ্যমেও নবদম্পতিকে ঘিরে শুভেচ্ছার বন্যা বইতে দেখা যায়। আমন্ত্রিত অতিথিরা নবদম্পতির সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন। তুষার আহমেদের পরিবার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আগত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

‎উৎসব, আবেগ ও সহমর্মিতার মিলনে এই সংবর্ধনা অনুষ্ঠান যেন ক্যাম্পাসজুড়ে এক অনন্য স্মৃতির আবরণ রচনা করে গেল।