ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জয়লাভ করলেও বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন। এখন গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার চিঠি পেয়েছি। এখন আসন শূন্য ঘোষণার গেজেট করার কার্যক্রম চলছে।
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৯(১)(খ) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি একই সঙ্গে সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারবেন।
এক্ষেত্রে সর্বোচ্চ তিনটি আসনে প্রার্থী হওয়া যায়। ১৯(২) অনুচ্ছেদ অনুযায়ী, যদি কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হন, তবে তাকে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে, তিনি কোন একটি আসন রাখতে চান।
এক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে, নির্বাচন কমিশন বাংলাদেশ একটি আসন রেখে অবশিষ্ট আসন শূন্য ঘোষণা করতে পারে।





