ঢাকা | রবিবার, ২২ নভেম্বর ২০২৬,৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি এবং রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি এআই নির্মিত ছবি নিয়ে মুখ খুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও কেন্দ্রীয় ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। তাকে জড়িয়ে প্রোপাগান্ডা চালানো এবং ওই ছবির সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ তোলায় বিএনপি ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান সাদিক কায়েম।

সাদিক কায়েম বলেন, আওয়ামী প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীর সঙ্গে আমাকে জড়িয়ে যে অপতথ্য ছড়িয়েছেন, তা বিএনপির মতো সংগঠনের সিনিয়র নেতার কাছ থেকে কোনোভাবে প্রত্যাশিত দায়িত্বশীল আচরণ নয়।

তিনি আরও লেখেন, যারা আগামীর বাংলাদেশ গড়ার আশ্বাস নিয়ে জনতার কাছে যাচ্ছেন, তারা যখন যে কোনো সংকটে সত্য জানার চেষ্টা না করে আওয়ামীনির্ভর অপতথ্যকে ফ্যাক্ট হিসেবে গ্রহণ করেন, তখন আগামীর দেশ বিনির্মাণে তাদের সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়।

শেষে সাদিক কায়েম লেখেন, ‘আমাকে নিয়ে আজ (শনিবার) বিএনপির সমাবেশে জনাব রুহুল কবির রিজভী প্রদত্ত বক্তব্যে ভুয়া ছবিনির্ভর যে মিথ্যা অভিযোগ (আমার সাথে শুটার একই টেবিলে চা খাচ্ছেন দাবিতে) তুলেছেন, তা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে দল হিসেবে বিএনপি এবং ব্যক্তি রিজভী নিজেকে অপতথ্য ছড়ানোর অপরাধ থেকে দায়মুক্ত করার আহ্বান জানাচ্ছি।’