ঢাকা | শনিবার, ২১ নভেম্বর ২০২৬,৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমান হাদি গুলিবিদ্ধ : সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে এই হামলার ঘটনা ঘটে।

সড়কে ব্যাটারির রিকশায় ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি, তার পেছনে পেছনে আসে একটি মোটরসাইকেল। চলন্ত অবস্থায় সেই মোটরসাইকেল থেকেই একটি গুলি করা হয় হাদিকে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে মতিঝিলের দিক থেকে একটি কালো মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি আসে। মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি ক্লোজ রেঞ্জ থেকে হাদির মাথা লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু গুলি তার বাম চোয়ালে লাগে। হামলার পরপরই মোটরসাইকেলটি দ্রুতগতিতে এলাকা ত্যাগ করে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুপুর ২টা ২০ মিনিটের দিকে কালো মোটরবাইকে আসা অজ্ঞাত এক ব্যক্তি হাদিকে লক্ষ্য করে গুলি করে।

গুলির ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, হাদিকে বহনকারী রিকশাটি বক্স কালভার্ট সড়ক দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল তার অনেকটা পাশ ঘেঁষে চলতে থাকে। রিকশাটির একেবারে কাছে মোটরসাইকেল আরোহী অস্ত্র বের করে গুলি করেন।

শুক্রবার ছুটির দুপুরে রাস্তায় যান চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে বেশ কম। ফাঁকা রাস্তায় মোটরসাইকেলটি দ্রুতবেগে পালিয়ে যায়।

এদিকে ডিজিটাল ইনভেস্টিগেশন টিম দ্য ডিসেন্ট জানায়, পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদীর জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত দুটি ছবি বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে, বাইক থেকে গুলি ছোঁড়া দুই ব্যক্তি আজ দুপুরে মতিঝিল ওয়াপদা মাদ্রাসা (জামিআ দারুল উলুম মতিঝিল) এলাকায় হাদীর সাথেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল।

গুলিকারী দুইজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরণে আকাশি রঙের প্যান্ট ছিল। অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা ছিল। হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে জনসংযোগে অংশ নেয়া ওই দুই ব্যক্তির পোশাক মিলে যায়।

এরপর হাদির সতীর্থরা তাকে ওই রিকশাতে করেই ঢাকা মেডিকেলের দিকে নিয়ে যায়। ঢাকা মেডিকেলে হাদির সতর্থীরা বলেছেন, “একটি গুলিই করেছে, যেটি হাদির মাথায় লেগেছে।” ঘটনাস্থলে একটি গুলির খোসা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

গুলিকারীদের চিহ্নিত করতে আজকের জনসংযোগের আরও ছবি ও ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। পুলিশ বলছে, আরও ফুটেজ সংগ্রহ ও হামলাকারীদের শনাক্তে কাজ চলমান রয়েছে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, হাদির মাথার ভেতরে গুলি আছে। বর্তমানে অপারেশন থিয়েটারে সার্জারি চলছে।

এদিকে এ ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা, বিএনপি মহাসচিব এবং জামায়াতের আমির। ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা তৈরি হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।