ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপি।
এই ঘটনাকে ‘পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ’ মন্তব্য করে শনিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার বিকালে রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউটের ‘রাষ্ট্র গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, “দুস্কৃতিকারীরা ওসমান হাদীকে গুলিবিদ্ধ করেছে। এটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে হাদির গুলিবিদ্ধ ঘটনার তদন্ত করে দ্রুত দুস্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল শনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপিসহ সকল অঙ্গসংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করবে।”
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে হাদিকে গুলি করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।





