ঢাকা | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,৩ বৈশাখ ১৪৩৩

ভারতীয় সংবাদমাধ্যমের খবর: খালেদার জন্য হাসিনা ‘উদ্বিগ্ন’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থার অবনতি হওয়ায় দিল্লিতে নির্বাসনে থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

বার্তা সংস্থা আইএএনএস লিখেছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমেইলে এক বিশেষ সাক্ষাৎকারে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

খালেদা জিয়ার বর্তমান সংকটাপন্ন শারীরিক অবস্থা এবং তিনি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেই হাসপাতালে নিরাপত্তা জোরদার করার বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, “বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আমি প্রার্থনা করি তিনি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন।”

বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ও শেখ হাসিনার পরিচিতি ‘দুই নেত্রী’ হিসেবে। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে তারা দুজন মোট ৩০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এক সময় তাদের বৈরী সম্পর্ক বিদেশি সংবাদমাধ্যমে ‘দুই বেগমের লড়াই’ হিসেবে চিত্রায়িত হত।

আওয়ামী লীগের শাসনামলে ২০১৮ সালে খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। দুই বছর পর মহামারীর মধ্যে শর্তসাপেক্ষে সাজা স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেন শেখ হাসিনা।

এরপর বেশ কয়েকবার খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি হতে হয়। তার দল ও স্বজনরা চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে চাইলেও সে অনুমতি শেখ হাসিনার সরকার তখন দেয়নি। বরং খালেদার হাসপাতালে যাওয়া নিয়ে প্রকাশ্য সংবাদ সম্মেলনে কটাক্ষও করেছেন শেখ হাসিনা।