ঢাকা | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,৩ বৈশাখ ১৪৩৩

‘৫ হাজার টাকার প্রলোভনে বাসে আগুন দিয়েছিল কলেজছাত্র’

বাসে আগুন দিয়ে পালানোর সময় জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদে ঝাঁপ দিয়ে মারা যাওয়া তরুণকে পাঁচ হাজার টাকার লোভ দেখানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে চিড়িয়াখানা এলাকায় বেড়িবাঁধ সড়কে থেমে থাকা একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া তরুণের নাম আব্দুল্লাহ আল সায়াদ (১৮) দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাদের বাড়ি ঢাকার উত্তরা এলাকায় বলে জানা গেছে। এদিকে এই ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু ‘ও’ লেভেলের শিক্ষার্থী রুদ্র মোহাম্মদ আমির সানিকে (১৮) আটক করে পুলিশে দেয় স্থানীয় লোকজন। এই ঘটনায় আরেকজন তরুণ যুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার এমদাদ হোসেন বলেন, টাকার প্রলোভনে দেখিয়ে তাদেরকে বাসে আগুন দেওয়ার কাজে ব্যবহার করা হয়। গ্রেপ্তার রুদ্র মোহাম্মদ আমির সানিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, স্থানীয় একজন আওয়ামী লীগ নেতা তাদেরকে পাঁচ হাজার টাকার প্রলোভন দেখান। তাদের ঢাকা ১৪ নির্বাচনী এলাকায় যেকোনো একটি গাড়িতে আগুন দেওয়ার জন্য ভাড়া করা হয়। এই ঘটনায় আমির সানির নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে মিরপুর বেড়িবাঁধে থেমে থাকা কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় স্থানীয় জনতা তাদের ধাওয়া দিয়ে রুদ্রকে আটক করে। তবে আবদুল্লাহ আল সায়াদ ধাওয়া খেয়ে বেড়িবাঁধ থেকে তুরাগ নদে ঝাঁপ দেন। পরে রাত সাড়ে ১০টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে আবদুল্লাহ আল সায়াদের মরদেহের ময়নাতদন্ত করা হয়। আজ শুক্রবার পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে যায়।