ঢাকা | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,২ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের গণহত্যাকারীদের এক বিন্দুও ছাড় দেওয়া হবে না: জবি ছাত্রদল নেতা রুমি

আওয়ামী লীগের গণহত্যাকারী নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুশিয়ারি দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের ২ নং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘সন্ত্রাসী’ ও ‘গণহত্যাকারী’ আখ্যা দিয়ে এ হুঁশিয়ারি দেন।

ফেসবুক পোস্টে রুমি লেখেন, ‘গণহত্যা চালিয়েও তোমাদের মধ্যে ন্যূনতম অনুশোচনাবোধটুকুও নেই। ডিসেম্বর মাসে আপা আসবে এমন গুজব ছড়িয়ে আবারও তোমরা যারা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নগ্ন উল্লাস করতেছো, তোমাদের জীবনও জাহান্নামে পরিণত করা হবে।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘গোপালগঞ্জ যদি তোমাদের কথিত রাজনৈতিক ক্যান্টনমেন্ট হয়, কিন্তু বাকি ৬৩টি জেলা জনগণের ক্যান্টনমেন্ট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ক্যান্টনমেন্ট।’

পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘গণহত্যাকারী এবং দেশবিরোধী কোনো অপশক্তিকে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। একটা একটা করে ধরে ধরে পিটানো হবে।’

তার এই পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।