জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হলের প্রভোস্ট অধ্যাপক ড. গোলাম মোস্তফার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন হলটির একদল আবাসিক ছাত্রী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তারা এ বিক্ষোভ শুরু করেন।
বিক্ষুব্ধ ছাত্রীদের অভিযোগ, প্রায় দুই বছর ধরে দায়িত্ব পালন করলেও হল প্রভোস্ট এখন পর্যন্ত কোনো সাধারণ সভার আয়োজন করেননি। ফলে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও মতামত সরাসরি তুলে ধরার যথাযথ সুযোগ পাচ্ছেন না। এ ছাড়া হলের ডাইনিংয়ের খাবারের মান ও ব্যবস্থাপনা নিয়েও অসন্তোষ রয়েছে তাদের।
ছাত্রীদের অভিযোগ, নিয়মিত খাবারের খরচ বহন করলেও তারা প্রত্যাশিত মানের খাবার ও সেবা পাচ্ছেন না। পাশাপাশি আবাসিক কক্ষের নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি নিয়েও তারা উদ্বিগ্ন। কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা, বৈদ্যুতিক নিরাপত্তার ঝুঁকি, বৃষ্টির সময় পানি পড়া এবং ফ্যানসহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহারে সীমাবদ্ধতার বিষয়গুলোও তুলে ধরেন তারা। এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।
এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. গোলাম মোস্তফা বলেন, হলের বিভিন্ন সমস্যা সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া হলের বৈদ্যুতিক তার ও বোর্ড পরিবর্তনের কাজ চলমান রয়েছে।
ক্যান্টিনের বিষয়ে তিনি বলেন, ক্যান্টিন পরিচালকের ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দীর্ঘদিন আসতে পারেননি। এছাড়া ক্যান্টিনে কমসংখ্যক ছাত্রী খাবার খাওয়ায় পরিচালকের পর্যাপ্ত লাভ হচ্ছে না। এ কারণে ক্যান্টিন পরিচালনায় আগ্রহী লোক পাওয়া যাচ্ছে না।
হল প্রভোস্ট আরও বলেন, পর্যাপ্ত বাজেট না থাকায় হলের বিভিন্ন উন্নয়নমূলক কাজে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে।




