চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) টানা ২৮ দিন ধরে চলছে সর্বাত্মক শাটডাউন। এ অচলাবস্থা নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে পরামর্শক কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে কমিটিতে চুয়েটের কোনো শিক্ষক বা প্রতিনিধিকে রাখা হয়নি।
গতকাল সোমবার ইউজিসির সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুনকে কমিটির প্রধান করে ছয় সদস্যের কমটি কার হয়েছে। ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসানকে সদস্যসচিব করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখার অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী।
চুয়েটের অচলাবস্থা কাটিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পরামর্শ দেওয়াই এই কমিটি গঠনের উদ্দেশ্য। তবে সংকটের কেন্দ্রে থাকা বিশ্ববিদ্যালয়টির কোনো প্রতিনিধিকে কমিটিতে না রাখায় এ নিয়ে প্রশ্ন উঠেছে।
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
একই দাবিতে কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ অধিকাংশ একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
এ পরিস্থিতির মধ্যেই গত শুক্রবার অনলাইনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা আহ্বান করেন উপাচার্য। ওই সভার সিদ্ধান্তের ভিত্তিতেই ইউজিসি পরামর্শক কমিটি গঠন করেছে বলে জানা গেছে।
চুয়েট শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সামিউন বাসির বলেন, ‘চুয়েটের সমস্যা নিরসনে গঠিত কমিটিতে চুয়েটেরই কেউ নেই। এর থেকেও বড় প্রশ্ন হলো, যে সিন্ডিকেট সভার সিদ্ধান্তের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে, সেই সভারই বৈধতা কতটুকু? কারণ, ওই সিন্ডিকেট সভাতেও চুয়েটের কেউ ছিলেন না।’






