ঢাকা | রবিবার, ১১ অক্টোবর ২০২৬,২৬ আশ্বিন ১৪৩৩

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে: জাতীয় শিক্ষক ফোরাম

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় শিক্ষক ফোরামের নেতারা। এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে এবং প্রশ্ন ফাঁস রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

শনিবার (১০ অক্টোবর) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি এবিএম জাকারিয়া ও সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুরের এক বিবৃতিতে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা সেই সুযোগকে প্রশ্নবিদ্ধ করে। তাই শুধু পরীক্ষা স্থগিত করাই যথেষ্ট নয়; ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রশ্ন ফাঁসে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

নেতারা আরো বলেন, একটি পদের বিপরীতে প্রার্থী ছিল ১ হাজার ৩০০ জনের বেশি। মোট পরীক্ষার্থী ৩ লাখ ১৮ হাজার। চাকরির আশায় কত দিন ধরে প্রস্তুতি, কত শ্রম, কত স্বপ্ন। অথচ পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে জানা গেলো পরীক্ষা স্থগিত। লাখ লাখ শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের সঙ্গে এরকম তামাশা করার অধিকার কারো নেই। অতএব, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকসহ পরিক্ষা সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।