প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, দুর্নীতি করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদি সরকার। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার মাত্র ৬ মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তা চালু করেছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদে আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার। শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, বিএনপি সরকার যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই শিক্ষা খাতের উন্নয়নে কাজ করেছে। শিক্ষকদের মূল্যায়ন করেছে। সব থেকে বেশি জাতীয়করণ হয়েছে বিএনপি সরকারের আমলেই।
মাহদী আমিন বলেন, শিক্ষা এবং শিক্ষকদের সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। শিক্ষকদের যে দাবিগুলো আছে সেগুলোর জন্য যেখানে যেভাবে গুরুত্ব দেওয়ার দরকার সেভাবেই গুরুত্ব দেয়া হবে। প্রতিটি যৌক্তিক দাবি বাস্তবায়নে কাজ করবে সরকার। সরকারের সক্ষমতা বিবেচনায় শিক্ষক-কর্মচারীদের যেকোনো ন্যায দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আসেননি।
সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।




