পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিডিজবসের যৌথ উদ্যোগে আয়োজিত ‘প্রিপেয়ারিং ফর ইউর ক্যারিয়ার: এমপ্লয়ার এক্সপেক্টেশনস অ্যান্ড ক্যারিয়ার ইনসাইটস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, ‘একটি রাষ্ট্রের পক্ষে সব নাগরিককে সরকারি চাকরিতে নিয়োজিত করার সম্ভব নয়। এ বাস্তবতা বিবেচনায় রেখে বর্তমান সরকার কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। এর মাধ্যমে নিজেই কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিতে হবে এবং শিল্পসংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে হবে। এজন্য নিজেকে এমনভাবে যোগ্য করে গড়ে তুলতে হবে যেন চাকরির জন্য নিজেকে অপেক্ষা করতে না হয়। বরং কর্মক্ষেত্রই যোগ্যতার কারণে তাকে খুঁজে নেবে।’
উপাচার্য আরও বলেন, ‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য কোনো শিক্ষার্থীকে মূল্যায়নের ক্ষেত্রে শুধু তার একাডেমিক ফলাফলই বিবেচ্য নয়। রক্তদান কর্মসূচি, বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং কোনো প্রাকৃতিক দুর্যোগে একজন শিক্ষার্থী কীভাবে দায়িত্বশীলতার সঙ্গে নিজেকে উপস্থাপন করেছে সেসব বিষয়ও গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি এসব কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। ভবিষ্যতে সরকারের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলে যেন সক্ষমতার সাথে পালন করতে পারে।’
এসময় অনুষ্ঠানটির আহ্বায়ক ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও বিডিজবস ডটকম লিমিটেডের ডিজিএম মোহাম্মদ আলী ফিরোজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। কী-নোট স্পিকার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান।





