ঢাকা | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,১৩ আশ্বিন ১৪৩৩

‘প্রাথমিক শিক্ষক পদে নিয়োগপত্র না পাওয়াদের ভেরিফিকেশন হচ্ছে’

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে এখন পর্যন্ত আর ৭‘শ জন নিয়োগপত্র পাননি। তাদের ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য যাচাই করা হচ্ছে। আগামী ১ অক্টোবর পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। যাচাই শেষে কতজন নিয়োগের জন্য বিবেচিত হবেন, তা চূড়ান্ত করা হবে।

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, প্রস্তাবিত তালিকা অনুযায়ী প্রাথমিক পর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত শিক্ষকদের গুণী শিক্ষক সম্মাননার আওতায় আনা হচ্ছে। প্রত্যেক গুণী শিক্ষককে সম্মাননা হিসেবে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে।

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, এবারই প্রথম ১০০ জন শিক্ষককে দেওয়া হবে এই সম্মাননা। এর আগে সর্বোচ্চ ১২ জনকে এই সম্মাননা দেওয়া হতো।