২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হচ্ছে আজ রোববার। ভর্তির এ কার্যক্রম চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এ বছর মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী কলেজে ভর্তির আবেদন করেছেন।
গত ১৬ আগস্ট কলেজে ভর্তির আবেদনের ফল প্রকাশ করা হয়। প্রথম পর্যায়ের প্রকাশিত ফলে ভর্তির সুযোগ পেয়েছেন ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী। ভর্তির সুযোগ বঞ্চিত হয়েছেন ১৪ হাজার ৪১৫ জন। জিপিএ-৫ পেয়েও সুযোগ পাননি ২ হাজার ২০৫ জন।
গতকাল শনিবার মাইগ্রেশনের ফল প্রকাশিত হয়েছে। এ ধাপে মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তনের সুযোগ পেয়েছেন ৫৫ হাজার ৮০৪ শিক্ষার্থী। প্রকাশিত ফলের তথ্য অনুযায়ী, মোট ৮ লাখ ৫৩ হাজার ৪৪১টি আসন বরাদ্দ নিশ্চিত হয়েছে।
মাইগ্রেশনের ফলের সারসংক্ষেপে দেখা যায়, এ ধাপে মোট ৮ লাখ ৫৩ হাজার ৪৪১টি বরাদ্দ নিশ্চিত হয়েছে। এর মধ্যে আগের ধাপে নিশ্চিত হওয়া বরাদ্দের সংখ্যাও ৮ লাখ ৫৩ হাজার ৪৪১। দ্বিতীয় ধাপে নতুন করে কোনো বরাদ্দ হয়নি।
তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপের জন্য মোট আবেদনকারীর সংখ্যা ৮ লাখ ৬৭ হাজার ৮৫৫ জন। তাদের মোট আবেদনের সংখ্যা ৪৮ লাখ ৮৬ হাজার ২১৫টি।
এদিকে আগের ধাপে যাদের বরাদ্দ নিশ্চিত হয়নি, এমন ১ লাখ ২৭ হাজার ৩৭৪ জন দ্বিতীয় ধাপে ফের আবেদন করেননি। অন্যদিকে আগের ধাপের আবেদনকারীদের মধ্যে ৪ লাখ ১৯ হাজার ১৭৬ জন অটো মাইগ্রেশন বেছে নিয়েছেন এবং ৪ লাখ ৩৪ হাজার ২৬৫ জন অটো মাইগ্রেশন বেছে নেননি।
ফলের তথ্য আরো বলছে, ১১টি বৈধ কলেজে কোনো আবেদন পড়েনি। এছাড়া আবেদন থাকলেও কোনো শিক্ষার্থীকে বরাদ্দ দেওয়া হয়নি—এমন বৈধ কলেজের সংখ্যা ৫৫৭টি।






