ঢাকা | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,২৯ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ ইউনিভার্সিটিতে অর্ধশতাধিক নবীন আইনজীবীকে সংবর্ধনা

বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে আয়োজিত হলো ‘অ্যাডভোকেট ফেলিসিটেশন প্রোগ্রাম ২০২৬’। এতে ২০২৬ সালে বাংলাদেশ বার কাউন্সিল ও হাইকোর্ট এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আনুষ্ঠানিকভাবে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া অর্ধশতাধিক সাবেক শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বেজমেন্ট হল রুম-২-এ আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক কাজী লতিফুর রেজা।

তিনি বলেন, “আইনজীবী হওয়া গৌরবের; তবে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষাই পেশাগত জীবনের প্রকৃত সাফল্য। জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নবীনদের গড়ে উঠতে হবে, কারণ পেশাগত ক্ষেত্রে আপনারাই এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম। তিনি নবীনদের ধৈর্য ও সততার সাথে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, “পেশাগত দক্ষতার পাশাপাশি ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও নৈতিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম সংবর্ধিতদের অভিনন্দন জানিয়ে বলেন, “আমাদের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে প্রতিষ্ঠানের সম্মান বাড়াচ্ছেন। একাডেমিক শিক্ষার পাশাপাশি তারা সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখবেন—এটাই প্রত্যাশা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথিদের তাদের উপস্থিতি ও সহযোগিতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. আতীকুস সামাদ, সংযুক্ত কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ), আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; সৈয়দ নজরুল ইসলাম, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ, সদস্য, বাংলাদেশ বার কাউন্সিল ও চেয়ারম্যান, বার কাউন্সিল রিলিফ কমিটি এবং ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন, সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ, সদস্য, বাংলাদেশ বার কাউন্সিল ও চেয়ারম্যান, আইন সংস্কার কমিটি।

এছাড়া ঢাকা বার অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ সারোয়ার আলম নিশানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আতিকুর রহমান সোহান ও উপদেষ্টা মো. মাজহারুল ইসলাম মারুফ নবীনদের শুভকামনা জানান এবং বিভাগের সাথে অ্যালামনাইদের মেলবন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

প্রভাষক ও কো-অর্ডিনেটর মো. রাজিউল আলিমের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংবর্ধিত নবীন আইনজীবীদের উৎসবমুখর অংশগ্রহণে পুরো আয়োজন আনন্দঘন হয়ে ওঠে।