ঢাকা | রবিবার, ৩০ আগস্ট ২০২৬,১৫ ভাদ্র ১৪৩৩

ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

‎জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে মারা গেছেন এক নারী। তিনি বগুড়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ওই শিক্ষিকার নাম রনজিনা পারভীন (৫৫)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। ‎

পুলিশ জানায়, রাজধানীর ফার্মগেট এলাকায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসক দেখাতে গতকাল শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে তিনি হাসপাতালে যাচ্ছিলেন। যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে আসতেই একটি মোটরসাইকেলে এসে রিকশার পেছন থেকে ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা। এতে তিনি রিকশা থেকে নিচে পড়ে যান। তাঁর মাথা ফেটে যায়। পরে তাঁকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, তাঁরা মোটরসাইকেল ও জড়িতদের গ্রেপ্তারে কাজ করছেন।